নষ্ট রাজনীতিতে আমরা আর থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়তে হলে ঈগল প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে। এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও একাধিক পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
পথসভায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, নষ্ট রাজনীতিতে আমরা আর থাকতে চাই না। আমরা পরিবর্তনের রাজনীতি চাই।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রায় ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসন অবহেলিত থেকে গেছে। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, পুরোনো রাজনৈতিক কাঠামো ও ব্যর্থ নেতৃত্বের পুনরাবৃত্তি আর গ্রহণযোগ্য নয়। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্যসচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, বরিশাল-৩ আসনে পরিবর্তনের জোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ এবার নতুন ধারার রাজনীতিকে সমর্থন জানাতে প্রস্তুত।








