Logo

শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাবে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১০
শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাবে জামায়াত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি জানিয়েছে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। ঘোষিত ইশতেহারে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে একাধিক পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়।

ইশতেহারের অষ্টম অংশে মুক্তিযুদ্ধ বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করা হয়। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের মূল আদর্শ ও লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপনের অঙ্গীকার করা হয়।

বিজ্ঞাপন

ইশতেহারে জুলাই বিপ্লব নিয়েও বিস্তারিত পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। দলটি জানায়, জুলাই বিপ্লবের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করা হবে।

এছাড়া জুলাই বিপ্লবে শহীদদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের জন্য মাসিক অনুদান ও ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শহীদ পরিবার ও যোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ এবং কর্মযোদ্ধা হিসেবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

বিজ্ঞাপন

ইশতেহারে আরও উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবে আহত ও পঙ্গু যোদ্ধাদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে সরকারি কোষাগার থেকে বহন করা হবে। এসব পদক্ষেপের মাধ্যমে জুলাই বিপ্লবের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও সম্মান জানানো হবে বলে দাবি করেছে দলটি।

ঘোষিত ইশতেহারের এসব প্রতিশ্রুতি ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD