মিথ্যা-অপপ্রচারে জাতীয়তাবাদী রাজনীতি দমন করা যাবে না: রিজভী

অপপ্রচার, মিথ্যাচার কিংবা প্রযুক্তিনির্ভর প্রোপাগান্ডার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনীতি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এবং এ শক্তির শিকড় এতটাই গভীরে যে পরিকল্পিত অপচেষ্টায় তা উপড়ে ফেলা যাবে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, আমরা এমন এক নির্বাচনের মুখোমুখি হচ্ছি, যেখানে শুধু ভোট নয়—একটি সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করতে হবে। চারপাশে চলছে নানা ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার। এখন প্রযুক্তির মাধ্যমে তথাকথিত প্রোপাগান্ডা বট তৈরি করা হয়েছে, যেগুলোর কাজই হচ্ছে মানুষের চরিত্রহনন, গুজব ছড়ানো আর উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন থেকেছেন, যারা সুবিধাবাদী রাজনীতির আশ্রয়ে যাননি কিংবা ক্ষমতাসীনদের ছায়াতলে অবস্থান করেননি, তাদের বিরুদ্ধেই এখন সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সত্য ও ন্যায়ের পক্ষে যারা স্পষ্ট অবস্থান নিয়েছেন, তাদের কণ্ঠ রোধ করতেই এই কৌশল নেওয়া হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক শক্তিকে ব্যবহার করতে হবে। কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা—সবার সৃজনশীল শক্তি ও সাহসী শব্দ দিয়েই মিথ্যার এই আঘাত প্রতিহত করতে হবে।
জাসাস নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের রাজনীতি হবে ব্যতিক্রমী। শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সংস্কৃতি, শিল্প আর সৃষ্টিশীলতার মাধ্যমে জনগণের কাছে সত্যকে পৌঁছে দেওয়াই হবে আপনাদের প্রধান দায়িত্ব।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জাসাসের সভাপতি চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের দাবি।








