Logo

৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে শেষ নির্বাচনি জনসভা তারেক রহমানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩০
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে শেষ নির্বাচনি জনসভা তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনি প্রচারণার সমাপনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই জনসভাই হবে নির্বাচনপূর্ব বিএনপির শেষ বড় কর্মসূচি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় শুরু হওয়া জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ঠিক আগমুহূর্তে রাজধানীর রাজপথে এই বৃহৎ সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক সক্ষমতা ও জনসমর্থনের বার্তা দিতে চায়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভাকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, জনসভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই সমাবেশকে নির্বাচনপূর্ব একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে দলটি।

বিজ্ঞাপন

বিএনপির নেতারা মনে করছেন, সমাপনী এই জনসভা থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য ও দিকনির্দেশনা নির্বাচনের দিন নেতা-কর্মীদের উদ্দীপনা ও মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলটির দৃষ্টিতে, এটি কেবল একটি জনসমাবেশ নয়; বরং নির্বাচনি লড়াইয়ের আগে ‘চূড়ান্ত শক্তি প্রদর্শন’।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD