বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল শুক্রবার এই ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার এক বার্তায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি জানান, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিকেল ৩টা ৩০ মিনিটে ইশতেহার প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনি ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ ভোটারদের প্রত্যাশা ও চাহিদার ওপর। একই সঙ্গে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে।
এছাড়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমনে কার্যকর কাঠামো গঠনের অঙ্গীকার তুলে ধরা হবে দলিলটিতে। মানবাধিকার সংরক্ষণ, অর্থনৈতিক পুনরুদ্ধার ও পররাষ্ট্রনীতির বিষয়ে বিএনপির অবস্থানও এতে স্পষ্ট করা হবে। পাশাপাশি আলেম-ওলামা, কৃষক ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতি যুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিতব্য এই ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।








