আখতার হোসেনকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আখতার হোসেন মোবাইল ফোনে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে থানায় জিডিটি করা হয়। এতে উল্লেখ করা হয়, ওইদিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নির্বাচনি প্রচার চালানোর সময় একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আখতার হোসেন বলেন, তার প্রতিপক্ষ কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় এমন হুমকির ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
বিজ্ঞাপন
জিডিতে আরও বলা হয়, পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে প্রচারণাকালে ওই হুমকির ফোনটি আসে।
এ ঘটনায় শনিবার রাত ১১টার দিকে প্রকাশিত এক ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, তার নির্বাচনি এলাকায় শাপলা কলির সমর্থক ও নেতাকর্মীদের বিভিন্ন সময়ে প্রকাশ্য ও গোপনে হুমকি দেওয়া হয়েছে। তবে ভয়ভীতি বা প্রাণনাশের হুমকি দিয়ে তাদের নির্বাচনি অগ্রযাত্রা থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, ভুক্তভোগীর করা সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে, গত বছরের ১৭ মে ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে হত্যার হুমকি পাওয়া গিয়েছিল বলেও অভিযোগ করেছিলেন আখতার হোসেন।
উল্লেখ্য, পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে আখতার হোসেন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত। দুই উপজেলায় ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৪৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।








