Logo

‘১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮
‘১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। ৫ আগস্ট যেভাবে সফল করা গেছে, একইভাবে ১২ ফেব্রুয়ারিও সফল করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ওইদিন বিজয় নিয়েই ঘরে ফেরা সম্ভব হবে।

বিজ্ঞাপন

রোববার সকালে বাড্ডায় আয়োজিত এনসিপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনে পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল কিংবা সরকারি হাসপাতাল নেই। পুরো এলাকাই মূলত বেসরকারি খাতনির্ভর। এখানে কোনো সরকারি হাসপাতাল নেই, সরকারি উচ্চবিদ্যালয়ও নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ১৫টি। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি বেসরকারি ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই প্রায় ৬০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায়, বাকি অংশ অপরিকল্পিত নর্দমা ও ভরাট হওয়া খালের ওপর নির্ভরশীল। রামপুরা ও শাহজাদপুর খালসহ এলাকার খালগুলো দখল ও ভরাটের কারণে পানি নিষ্কাশনের সক্ষমতা হারিয়েছে।

এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পেছনে রাজনৈতিক কারণকে দায়ী করে তিনি বলেন, ভূমিদস্যুতাই এই সমস্যার মূল। শত শত মানুষের জমি, খাস জমি ও জলাশয় দখল করে ভরাট করা হয়েছে। এতে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ঢাকা-১১ আসনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। যারা ভূমি হারিয়েছেন, তাদের জমি ফেরত দেওয়া হবে, আর তা সম্ভব না হলে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। ভূমিদস্যুদের সিন্ডিকেট এই এলাকা থেকে চিরতরে নির্মূল করা হবে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, শুধু ঢাকা-১১ নয়, সারাদেশে বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী। ১১ দলীয় ঐক্যজোটই আগামীর বাংলাদেশ গঠনের নেতৃত্ব দেবে। তিনি দেশের বিভিন্ন এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশে একটি শক্তি রয়েছে যারা বাংলাদেশকে সংকটে ফেলতে চায়। সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে দখলদারমুক্ত, আধিপত্যবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোটকেন্দ্র পাহারা দিতে তরুণ সমাজ প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম পুনরায় বলেন, ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জনও ব্যর্থ হয়ে যাবে। ৫ আগস্ট যেভাবে সফলতা এসেছে, একইভাবে ১২ ফেব্রুয়ারিও সফল হবে—এই বিশ্বাস নিয়েই তারা মাঠে রয়েছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD