‘বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে ২০০১ সালে বিএনপি সরকার গঠন করার সময় দল ও দেশের ওপর দুর্নীতির তকমা ছিল। তবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার আগেই দেশকে সেই দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এই দেশে যে দুর্নীতি আমরা গত ১৬ বছর ধরে দেখেছি, সেই দুর্নীতি থেকে দেশকে বের করতে হয় তা হলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, খালেদা জিয়ার সরকারের সময় যে দুর্নীতি দমন কমিশন করা হয়েছিল, সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যে কোনো ব্যক্তির দুর্নীতির তদন্ত তারা স্বাধীনভাবে করতে পারতো। তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই বিএনপি সরকার দুর্নীতি দমন কমিশনকে শতভাগ স্বাধীন করে দিয়েছিল।
‘দেশ স্বাধীন হওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল এখানে বসে থাকা মুক্তিযোদ্ধারা ভালো বলতে পারবেন। পরে জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন কীভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন হয়েছে। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন তখন চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তখন মা-বোনরা যেকোনো সময় নিরাপদে রাস্তায় হাঁটা-চলা করতে পারতেন। ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারতেন’।
‘অর্থাৎ বিএনপির সেই অভিজ্ঞতা আছে কীভাবে দুর্নীতি থেকে দেশকে টেনে বের করে আনতে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হয়, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়। তাই বলছি, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে,’ বলেন তারেক রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছেন তাদের মধ্যে দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপির আছে।
এসময় তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, খেলার মাঠ, হাসপাতাল নির্মাণ ও সংস্কার করার এবং জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
বিজ্ঞাপন








