‘চাঁন্দাবাজ.কম’ ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশব্যাপী চাঁদাবাজির অভিযোগ সংগ্রহ ও আইনি পদক্ষেপের উদ্যোগ হিসেবে ‘চাঁন্দাবাজ.কম’ (chandabaaj.com) নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) দলের মিডিয়া উপ-কমিটির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ওয়েবসাইটটি চালুর পরপরই দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ জমা পড়তে শুরু করেছে। ইতোমধ্যে আটটি রিপোর্ট গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটলে বিলম্ব না করে প্রমাণসহ অনলাইনে রিপোর্ট করতে হবে। এতে অপরাধীদের সনাক্ত করা সহজ হবে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তিনি দাবি করেন, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা রাজনীতি করছেন, সেখানে চাঁদাবাজদের স্থান নেই।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত নির্বাচনী ইশতেহারে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ‘চাঁন্দাবাজ.কম’ চালুর কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা ও চাঁদাবাজির মতো ইস্যুতে সরাসরি নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার এই উদ্যোগ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা দিতে পারে। তবে অভিযোগের যথাযথ অনুসন্ধান ও কার্যকর ব্যবস্থা গ্রহণই হবে এই উদ্যোগের সফলতার প্রধান মানদণ্ড।
ওয়েবসাইটটির কার্যক্রম কতটা ফলপ্রসূ হয় এবং অভিযোগের ভিত্তিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়—এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।








