যশোর-২ : ৬০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জামায়াতের দাঁড়িপাল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ হতে শুরু করেছে। ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনের চৌগাছা উপজেলার ৬০টি ভোটকেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
বিজ্ঞাপন
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন মোট ৫৯ হাজার ৬১৮ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী সংগ্রহ করেছেন ৫০ হাজার ১১১ ভোট। ফলে এই পর্যায়ে দাঁড়িপাল্লা প্রতীক ধানের শীষের চেয়ে প্রায় সাড়ে নয় হাজার ভোটে এগিয়ে আছে। ভোট গণনা চলমান থাকায় বাকি কেন্দ্রগুলোর ফল যুক্ত হলে ব্যবধানের পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বিজ্ঞাপন
নির্বাচনকালীন সময়ে দুইটি জেলায় ককটেল বিস্ফোরণসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কিছু দিক নিয়ে অভিযোগও তুলেছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণের তথ্য পাওয়া গেছে। এসব কেন্দ্রে ভোট পড়েছে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিজ্ঞাপন
চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত যশোর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।








