ঢাকা-১৭ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ডা. খালিদুজ্জামান

ঢাকা-১৭ সংসদীয় আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী ডা. খালিদুজ্জামান। তিনি এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা-১৭ আসনের ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পোস্টে ডা. খালিদুজ্জামান লেখেন, নির্বাচনের ফলাফল প্রত্যাশার অনুকূলে না এলেও স্বল্প সময়ের মধ্যে ভোটারদের কাছ থেকে যে ভালোবাসা, সমর্থন ও আস্থা তিনি এবং তার সংগঠন পেয়েছেন, সেটিই তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। একজন চিকিৎসক হিসেবে ‘খালিদ’-এর প্রতি সাধারণ মানুষের বিশ্বাসকে তিনি গভীর সম্মানের সঙ্গে স্মরণ করেন।
আরও পড়ুন: সারাদেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন জায়গার মতো ঢাকা-১৭ আসনেও অল্প ব্যবধানে পিছিয়ে থাকার বিষয়টি প্রমাণ করে—মানুষ পরিবর্তন, বিকল্প ও নীতিনির্ভর রাজনীতি প্রত্যাশা করে। এই জনআকাঙ্ক্ষাই ভবিষ্যৎ রাজনীতির জন্য শক্তি হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
ডা. খালিদুজ্জামান তার পোস্টে দলের নেতাকর্মী ও সমর্থকদের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, দিন-রাত পরিশ্রম ও নানা কষ্ট সহ্য করেও যারা আদর্শ থেকে বিচ্যুত হননি, তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। কল্যাণভিত্তিক রাজনীতির পথ দীর্ঘ হলেও এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
এছাড়া বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিজয়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের একটি বড় দায়িত্ব শুরু হয়। জনগণের স্বার্থে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকারও করেন তিনি। শেষাংশে ভোটারদের উদ্দেশে বলেন, যোগ-বিয়োগের অঙ্কে পরাজিত হলেও জনগণের ভালোবাসাই তার প্রকৃত শক্তি, এবং ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।








