কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, পোস্টাল ভোটে জয়ী জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের প্রভাব দিয়ে জয় পেয়েছেন জামায়াত জোটের দুই প্রার্থী। সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনে পোস্টাল ভোটের ফলে বিএনপির প্রার্থীরা হেরে যান।
বিজ্ঞাপন
ইনফরমেশন অনুযায়ী, সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের ১৪৭টি কেন্দ্রে প্রাথমিক গণনায় বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী (ধানের শীষ প্রতীক) এগিয়ে ছিলেন। তিনি পেয়েছিলেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট, আর জামায়াত জোট মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। ফলে এম আকবর আলী ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন।
কিন্তু পোস্টাল ভোটের ফলাফল প্রকাশের পর চিত্র বদলে যায়। পোস্টাল ভোটে এম আকবর আলী পান ৮২০ ভোট, যেখানে মাওলানা রফিকুল ইসলাম খাঁন পান ২ হাজার ১৭৯ ভোট। সব মিলিয়ে উল্লাপাড়া আসনের মোট ফলাফলে জামায়াত প্রার্থী ১ লাখ ৬১ হাজার ৫৭২ ভোট পান, আর বিএনপির এম আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে মাওলানা রফিকুল ইসলাম খাঁন ৫৯৪ ভোটের ব্যবধান নিয়ে বিজয়ী হন বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে মাদারীপুর-১ আসনে (শিবচর) বিএনপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন ১১-দলীয় নির্বাচনী জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী সাঈদ উদ্দিন আহমাদ হানজালা (রিকশা প্রতীক)। মাদারীপুর-১ আসনের ১০২টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৬৩ হাজার ৫১১ ভোট এবং পোস্টাল ব্যালটে ১ হাজার ৩৯৮ ভোট, যা মিলিয়ে মোট ভোট দাঁড়ায় ৬৪ হাজার ৯০৯।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার প্রাপ্ত ভোট: সরাসরি ৬৪ হাজার ২৯১ এবং পোস্টাল ২৩৩ ভোট, মোট ৬৪ হাজার ৫২৪। পোস্টাল ব্যালটে এগিয়ে জয়ী হন হানজালা। তার ব্যবধান ৩৮৫ ভোট।
বিজ্ঞাপন
মাদারীপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচএম ইবনে মিজান এই ফলাফল নিশ্চিত করেছেন।








