বিএনপিতে ফিরে যেতেই স্বতন্ত্র হয়ে লড়েছি: হান্নান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন মো. আব্দুল হান্নান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বিএনপিতে ফিরে আসার সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
হান্নান বলেন, আমি বিএনপিতে ফিরে যেতেই স্বতন্ত্র হয়ে নির্বাচন করেছি। অন্য দল থেকেও অফার এসেছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি। আমি দলের লোক। দলে ফিরে যেতেই কোনো প্রলোভনে পড়িনি এবং এককভাবে নির্বাচন করেছি। জনগণের আস্থা থাকায় আমি চিরকৃতজ্ঞ এবং সেই আস্থা ধরে রেখে কাজ চালিয়ে যাব।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়ন ও জনসেবা তার মূল অগ্রাধিকার। এলাকার রাস্তাঘাট উন্নত করায় জোর দেব। মাদক ব্যবসায়ী ও চিহ্নিত চাঁদাবাজ নির্মূলে কাজ করব। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ হলো ভোটার ও কর্মী সমর্থকদের অনুরোধ। আমি ঘোষণা করেছি, এটিই আমার শেষ নির্বাচন।
বিজ্ঞাপন
হান্নান আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়েও সতর্কতা অবলম্বনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমরা মানুষ; ক্রোধ, বিবাদ বা ঝগড়া যেকোনো কারণে মামলা বা ওয়ারেন্ট হতে পারে। তবে আমরা রাতের অভিযান নয়, আইনের পথে ও দায়িত্বশীলভাবে কাজ করব। আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতায় রাখব।
চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হান্নান পেয়েছেন ৭৪,১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হারুনুর রশিদ বিএনপি মনোনীত প্রার্থী পেয়েছেন ৬৯,১৫৫ ভোট। এ জয় তাকে চাঁদপুর-৪ আসনের প্রতিনিধি হিসেবে নতুন সংসদে স্থান নিশ্চিত করেছে।








