Logo

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪১
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে ৬টার দিকে গুলশানে নিজের বাসভবন থেকে রওনা দেন তারেক রহমান। এরপর সন্ধ্যা ৭টার কিছু আগে তিনি ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান। নির্বাচনের পর এটিই তাদের প্রথম সরাসরি বৈঠক হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সাফল্যের পর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মহলে। এমন প্রেক্ষাপটে জামায়াত আমিরের বাসভবনে তার উপস্থিতিকে অনেকেই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক যোগাযোগ হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকে ঘিরে আরেকটি কৌতূহলী প্রশ্নও সামনে এসেছে—আগামীর সম্ভাব্য সরকারপ্রধানকে কীভাবে আপ্যায়ন করা হবে? এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানান, আপ্যায়নের বিষয়টি তারেক রহমানের পছন্দের ওপরই নির্ভর করবে। তিনি বলেন, অতিথির রুচি ও পছন্দ মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয় পায়। জোটসঙ্গীদের সঙ্গে মিলিয়ে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ২১২-এ। দীর্ঘ দেড় দশক পর এমন বড় জয় দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের শীর্ষ দুই নেতার সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে কী বার্তা দেয়—তা নিয়ে আলোচনা চলছেই রাজনৈতিক মহলে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD