Logo

ঢাকা-৮ আসনের শপথ স্থগিত চেয়ে আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০১
ঢাকা-৮ আসনের শপথ স্থগিত চেয়ে আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের নির্বাচিত প্রার্থীর শপথ গ্রহণ প্রক্রিয়া স্থগিত রাখার দাবিতে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ভোটগ্রহণে ব্যাপক কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাবের অভিযোগ তুলে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই আবেদন করেন।

বিজ্ঞাপন

শনিবার লেখা ওই আবেদনটি রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম আবেদনটি ইসিতে দাখিল করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় মোট ১২টি ভোটকেন্দ্রে সংঘটিত অনিয়মের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তার অভিযোগ অনুযায়ী, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে ভোট রিগিং, অবৈধ প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো গুরুতর অনিয়ম ঘটে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার সংশ্লিষ্ট নেতা-কর্মী, এজেন্ট এবং পরিবারের সদস্যরা এসব অনিয়মে জড়িত ছিলেন। একপর্যায়ে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আসনের রিটার্নিং অফিসারও অনিয়মের সঙ্গে যুক্ত হন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফল উপেক্ষা করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, যা নির্বাচন আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী তার আবেদনে উল্লেখ করেন, এই দরখাস্তের মাধ্যমে তিনি কারচুপি ও অনিয়মের বিষয়গুলো নির্বাচন কমিশন-এর নজরে আনছেন এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD