শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম-এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে আল্লামা বাবুনগরীর সঙ্গে কথা বলে তাকে এ আমন্ত্রণ জানান তারেক রহমান।আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঐতিহাসিক শপথ অনুষ্ঠান হবে।
অন্যদিকেআজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিজ্ঞাপন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান হবে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। পরে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও তিনটি আসন যুক্ত হওয়ায় বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। ফলে নতুন সরকার গঠনে কোনো বাধা নেই বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।








