Logo

দায়িত্বশীল আচরণে গণতন্ত্র পাবে প্রাতিষ্ঠানিক রূপ: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৬
দায়িত্বশীল আচরণে গণতন্ত্র পাবে প্রাতিষ্ঠানিক রূপ: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

সমবেত প্রচেষ্টায় সরকারি ও বিরোধী দল উভয়ই যদি দায়িত্বশীল আচরণ এবং দায়বদ্ধতার সঙ্গে কাজ করে, তাহলে বাংলাদেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কোনো বিকল্প আপাতত নেই। আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে। যদিও এটি সহজ নয়, বহু চ্যালেঞ্জ আছে, কিন্তু উভয় পক্ষের আন্তরিকতা থাকলে আমরা ইনশাল্লাহ সফল হব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিগত সময়ে দেশের প্রাতিষ্ঠানিক সব স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে। এগুলো ফিরিয়ে আনতে সরকারি দলের দায়িত্ব বেশি। তারা যদি মূল ভূমিকা রাখেন, তাহলে রাষ্ট্রের অঙ্গগুলো সচল করা সম্ভব। বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিরোধী দল হিসেবে আমরা জনগণের সঙ্গে থেকে দেশের স্বার্থ রক্ষায় আমাদের দায়িত্ব পালন করব।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে ১১ দলীয় ঐক্য জোট কাজ করবে। সংসদের দুটি অঙ্গ থাকবে—সরকারি দল ও বিরোধী দল। বিরোধীদলকে কথা বলার অধিকার দিতে হবে। সরকারের দায়িত্ব গ্রহণের পর আমরা নৈতিকভাবে আমাদের দায়িত্ব পালন করব।

তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সৌন্দর্য বিধান, মানুষের অধিকার সংরক্ষণ এবং জনগণকে সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, সমবেত প্রচেষ্টায় আমরা যদি দেশ এবং জাতির প্রতি দায়বদ্ধভাবে কাজ করি, গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে, এটার কোনো বিকল্প নেই।

জামায়াত আমির দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সহযোগিতা আমাদের শক্তি। সুদিন-দুর্দিন যাই আসুক, আমরা জনগণের সঙ্গে থাকব।

বিজ্ঞাপন

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এ টি এম আজহারুল ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, মাওলানা আ. ন. ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন, নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে নতুন অধ্যায়ের সূচনা হবে, যা দেশের সুস্থ রাজনীতি ও মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনবে এবং জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD