Logo

সরকারবিরোধী রাজপথ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিল ১১ দলীয় ঐক্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৬, ১৪:২১
সরকারবিরোধী রাজপথ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিল ১১ দলীয় ঐক্য
ছবি: সংগৃহীত

আগামীকাল রবিবার (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হলে সরকারবিরোধী রাজপথ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ১১ দল আগামী ২৮ মার্চ থেকে আন্দোলনের রূপরেখা তৈরি করে একযোগে রাজপথে কার্যক্রম শুরু করবে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, জুলাই সনদে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আগামীকালই শেষ দিন। সরকারের অবিলম্বে অধিবেশন ডাকার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যদি সরকার তা না করে, আমরা স্পষ্টভাবে জানাতে চাই—জাতির কাছে ক্ষমা পাবেন না। সংসদ নেতা এবং সরকারকে জনগণের অধিকার অবজ্ঞা করার দায় নিতে হবে। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের সংসদ সদস্যদের সংসদে সক্রিয় ভূমিকা রাখব।

আযাদ বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকার যদি আগামীকাল সংবিধান সংস্কারের অধিবেশন ডাকে না, তাহলে রাজপথে আন্দোলনের পথেই যেতে হবে। শীর্ষ নেতাদের বৈঠক ডেকে এরপর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, আমরা জনগণের অধিকার রক্ষার জন্য আন্দোলনে বাধ্য হবো। সরকারের উদাসীনতা এবং সংবিধান লঙ্ঘনের ঘটনায় জনগণকে নিরাপত্তাহীন বা অবহেলিত বোধ করতে দেবো না।

১১ দলীয় ঐক্যের এই হুঁশিয়ারি মূলত সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তৎপর হওয়ার বার্তা হিসেবে প্রেরিত। ঐক্যবদ্ধভাবে তাদের আন্দোলন আগামী ২৮ মার্চ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে নেতৃবৃন্দ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD