উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।
তিনি জানান, রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার সঙ্গে থাকবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
বিজ্ঞাপন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে গত শুক্রবার (১৩ মার্চ) অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
শনিবার (১৪ মার্চ) সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
গত ১২ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন তিনি।
এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ এই জ্যেষ্ঠ নেতাকে দেখে আসেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।








