প্রয়োজনভিত্তিক চিকিৎসা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং প্রতিটি নাগরিক যেন সামর্থ্য নয়, বরং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পায়—তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকের স্বাস্থ্যসেবার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ এম এ মুহিত চিকিৎসকদের প্রতি রোগীদের প্রতি মানবিক মনোভাব নিয়ে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।
ড্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের চিকিৎসকদের নিয়মিত ও সময়মতো হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সংগঠনটির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদের সভাপতিত্বে এবং মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম, ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালসহ ড্যাব ও স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস এবং শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হাসান সুমনসহ বিভিন্ন কর্মকর্তা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন ডাঃ নজরুল ইসলাম। পরে ড্যাবের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
ইফতারের আগে ড্যাবের উদ্যোগে প্রায় ২১০ জন দুঃস্থ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








