ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারির ঘটনায় আমরা লজ্জিত: জামায়াত আমির

রাজধানীতে ঈদুল ফিতরের নামাজ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঈদযাত্রাকে ঘিরে পরিবহন ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি ও অনিয়মকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, এ ধরনের পরিস্থিতি জাতির জন্য লজ্জাজনক এবং পরিবর্তিত বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শনিবার (২১ মার্চ) সকালে মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ঈদকে আনন্দ ও মিলনের বার্তা বহনকারী উৎসব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছরই গ্রামে ফেরার সময় কিছু সমস্যা দেখা গেলেও এবারের পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উদ্বেগজনক।
বিজ্ঞাপন
জামায়াত আমিরের অভিযোগ, ভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। সরকারের বিভিন্ন মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে অসঙ্গতি থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই ভাড়া কেলেঙ্কারির ঘটনায় জাতি হিসেবে আমরা লজ্জিত। সংশ্লিষ্টরা নিজেরা লজ্জিত কিনা, সেটাই এখন প্রশ্ন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঈদের সময় গ্রামে যাওয়া মানুষের একটি বড় অংশই নিম্ন ও স্বল্প আয়ের। সারা বছর কষ্ট করে অল্প অল্প করে সঞ্চয় করা অর্থ যদি অতিরিক্ত ভাড়ায় ব্যয় হয়ে যায়, তাহলে তাদের ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিকে তিনি অমানবিক আখ্যা দিয়ে বলেন, এটি এক ধরনের মানবতাবিরোধী আচরণ।
সরকারের দায়িত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করা রাষ্ট্রের কর্তব্য ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টরা ব্যর্থ হয়েছেন বলে তার দাবি। বরং অনিয়ম ও দুর্ভোগ আরও বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশ গড়ে উঠেছে, ফলে তাদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
শেষে দেশবাসী ও প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।








