ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ মিছিলের ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিনের সকালে এ মিছিলে সংগঠনটির প্রায় ১৮ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন।
বিজ্ঞাপন
জানা গেছে, দোয়েল চত্বর থেকে টিএসসিগামী সড়কের মাঝামাঝি স্থান থেকে আকস্মিকভাবে মিছিলটি শুরু হয়। অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান। পরে তারা টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে অল্প সময়ের জন্য অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
তবে কিছুক্ষণের মধ্যেই ছবি ও ভিডিও ধারণ শেষে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও আইডিতে মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, রাজু ভাস্কর্যের সামনে রাজবন্দিদের মুক্তি, পুলিশ হত্যার বিচার এবং ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।








