Logo

জেন-জিরা ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ২০:৫৩
জেন-জিরা ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত

বর্তমান তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’, ১৯৭২ সালের সংবিধান নিয়ে নতুন করে ভাবতে চায়—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, স্বাধীনতার বহু বছর পর জন্ম নেওয়া প্রজন্মের প্রত্যাশা ও বাস্তবতা ভিন্ন, যা রাজনীতিতে প্রতিফলিত হওয়া জরুরি।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নিজেকে দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি তরুণদের প্রতিনিধি হিসেবেই সংসদে কথা বলছেন।

তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার তিন দশক পর জন্ম নেওয়া প্রজন্ম কেন পূর্ণাঙ্গভাবে তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পায়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৯৭১ সালে যারা জীবন দিয়েছেন, তারা একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেই প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেই তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

আলোচনায় তিনি অতীত রাজনৈতিক ঘটনাবলির দিকেও ইঙ্গিত করেন এবং দাবি করেন, বিভিন্ন সময়ে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার নিজের নির্বাচনী এলাকাতেও নির্বাচনের সময় সহিংসতার মুখোমুখি হতে হয়েছে। প্রচারণা চলাকালে একাধিকবার হামলার শিকার হয়েছেন বলেও জানান তিনি।

এমপি আরও বলেন, নির্বাচিত হওয়ার পরও এলাকায় গিয়ে নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছেন তিনি। তার অভিযোগ, প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনাও ঘটেছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

বিজ্ঞাপন

নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে, অথচ এখনো অপরাধীরা গ্রেপ্তার হয়নি। তিনি এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তার মতে, দেশে চলমান সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যা এখনো দৃশ্যমান নয়। তার বক্তব্যে উঠে আসে—তরুণ প্রজন্মের প্রত্যাশা, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার দাবি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD