Logo

অধ্যাদেশ বাতিল করে স্বৈরতন্ত্রের পথে সরকার: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৬:৩৬
অধ্যাদেশ বাতিল করে স্বৈরতন্ত্রের পথে সরকার: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সময়ের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি মনে করেন, ক্ষমতায় আসার পর সরকারের প্রকৃত চিত্র এখন স্পষ্ট হয়ে উঠছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।

নাহিদ ইসলাম বলেন, গুম প্রতিরোধ এবং স্বাধীন মানবাধিকার কমিশন সংক্রান্ত উদ্যোগের বিরোধিতা করছে সরকার। তার ভাষায়, অতীতে যাদের অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, সেই দলই এখন সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের পথে হাঁটছে। এতে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। নাহিদের দাবি, দলটি মূলত সংস্কারবিরোধী অবস্থানে রয়েছে এবং বিচারপতি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে এগোতে চায় না। তার মতে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই তাদের প্রকৃত অবস্থান স্পষ্ট হয়ে উঠছে।

গত ১৬ বছরে বিএনপির আন্দোলনে জনসমর্থন না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, দলটির কর্মসূচি ছিল একান্তই দলকেন্দ্রিক। জনগণের স্বার্থের আন্দোলন গড়ে তুলতে না পারা এবং শীর্ষ নেতৃত্বের দেশের বাইরে অবস্থান—এই দুই কারণেই সাধারণ মানুষের আস্থা অর্জনে তারা ব্যর্থ হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ক্ষমতাসীনরা গণভোটের রায় উপেক্ষা করছে এবং সংস্কার প্রশ্নে নানা অজুহাত তুলে পিছিয়ে যাচ্ছে। তার দাবি, দেশের অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সেই বাস্তবতা উপেক্ষা করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর থেকেই এই পরিস্থিতির সূচনা হয়েছিল এবং ঐকমত্য কমিশনের সময় থেকেই তা স্পষ্ট হয়ে ওঠে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থান শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য হয়নি; বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কারের লক্ষ্যেই মানুষ জীবন দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া জরুরি বলেও তিনি মনে করেন। অন্যথায় জনগণের স্বার্থে তাদের দল পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে ইঙ্গিত দেন।

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, সংসদে এক ধরনের ‘নাটকীয়তা’ চলছে এবং রাষ্ট্রপতির অবস্থান নিয়েও সাংবিধানিক প্রশ্ন রয়েছে। সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য একটি গণপরিষদ গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবিলায় রাজনৈতিক ঐক্য অত্যন্ত জরুরি। অন্যথায় সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। তিনি অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নির্বাচন প্রসঙ্গেও তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হলে তা দেশের জন্য ইতিবাচক হবে না। একই সঙ্গে তিনি বলেন, নানা বিধিনিষেধ ও আনুষ্ঠানিকতার কারণে মূল রাজনৈতিক আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রতিবাদেই তারা রাজপথে আন্দোলনে নেমেছেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ দিবাগত রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন নাহিদ ইসলাম এবং ওমরাহ পালন শেষে দেশে ফিরে এই বক্তব্য দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD