Logo

এক মাসের মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে সরকার: গোলাম পরওয়ার

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
৪ এপ্রিল, ২০২৬, ২০:৫৬
এক মাসের মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে সরকার: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

ক্ষমতায় আসার মাত্র এক মাসের মধ্যেই সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের গণভোটের অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা জনগণ ধীরে ধীরে ভুলে গেলেও সরকারের পদক্ষেপ দ্রুত উল্টো পথে চলে যাচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জামায়াত প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। তাই ৯ এপ্রিলের নির্বাচনে জনগণকে সচেতন হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ ৩৩টি দল ফ্যাসিস্ট আমলের বিদ্যমান রাষ্ট্রব্যবস্থাকে সংস্কারের জন্য ৮৪টি সাংবিধানিক, রাজনৈতিক, আইনি ও প্রশাসনিক সংস্কারে একমত হয়েছিল। এর মধ্যে ৪৭টি সংস্কার ছিল সাংবিধানিক। এখন ক্ষমতায় আসা সরকার একমাসের মধ্যেই উল্টো পথে চলছে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, তরুণ প্রজন্ম আজ পরিবর্তন চায়। দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন ও সংসদ প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বক্তব্য তুলে ধরেন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত করা হয়েছিল। তফসিল অনুযায়ী, ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD