অবশেষে মুক্ত হলেন জামায়াতকর্মী সাওদা সুমি

ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমি মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি জানান, “আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।” তার এই ঘোষণার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা যায়।
এর আগে গত রবিবার (৫ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে নিজ বাসা থেকে সাওদা সুমিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ ছিল, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্বালানি তেল সংকট নিয়ে একটি পোস্ট এবং একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিভিন্ন মহলে এ নিয়ে মতবিভেদ দেখা দেয়—কেউ এটিকে মতপ্রকাশের স্বাধীনতার বিষয় হিসেবে দেখেন, আবার কেউ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা দেন।
বিশেষ করে সাওদা সুমির তিন বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে আসায় অনেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখেন এবং দ্রুত তার মুক্তির দাবি তোলেন।
বিজ্ঞাপন
অবশেষে দুই দিনের মাথায় তার মুক্তির খবরে সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ বা মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।







