স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে সারাদেশে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে সাংগঠনিক কর্মসূচি জোরদারের পরিকল্পনাও গ্রহণ করেছে দলটি।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় দলের চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
সভায় নেতারা জানান, আগামী মাসে একটি কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভা আয়োজন করা হবে। এর মাধ্যমে ঢাকা মহানগরসহ সারা দেশে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শিশুদের হামের টিকাদান কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায় দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ মানুষের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা দ্রুত প্রত্যাহারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
দলটির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরতে পারলে জাতীয় পার্টি আবারও জনসমর্থন অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন আনিসুল ইসলাম মাহমুদ। এজন্য দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার ওপর জোর দেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিএনপির নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি দমনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সভায় দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ প্রেসিডিয়াম সদস্য ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। তারা দলকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।








