Logo

বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ চালাচ্ছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৮:০৭
বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ চালাচ্ছে
ছবি: সংগৃহীত

বিএনপি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে এক ধরনের ‘ক্যু’ বা ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, দলটি ধোঁকা ও প্রতারণার মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করে এখন পুরোনো একদলীয় শাসনব্যবস্থার ধাঁচে দেশ পরিচালনার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই সভার আয়োজন করে ‘১১ দলীয় ঐক্য’।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি অতীতে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কৃতিত্ব নিজেদের বলে দাবি করলেও বাস্তবতা ভিন্ন। তার মতে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বিএনপি অস্তিত্বেই ছিল না, তাই এককভাবে সেই ইতিহাসের কৃতিত্ব দাবি করা যুক্তিসঙ্গত নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার প্রতি সম্মান থাকলেও পুরো আন্দোলনকে এক ব্যক্তির নামে সীমাবদ্ধ করা ইতিহাস বিকৃতির শামিল।

জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের মূল অবস্থান থেকেও সরে এসেছে। তার ভাষায়, স্থানীয় সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে অনির্বাচিত ব্যক্তিদের না রাখার কথা বললেও বাস্তবে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের লোক বসাচ্ছে, যা এক ধরনের ‘ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা’।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড এবং বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগ দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে তারা কখনো আপস করবে না। প্রয়োজনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতেও তারা প্রস্তুত। সংসদের ভেতরে থেকে লড়াই চালানো সম্ভব হলে সেখানে থাকবেন, না হলে জনগণের কাছে ফিরে গিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। তার মতে, রাজপথই তাদের মূল শক্তির জায়গা।

সভায় সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার বিভিন্ন আন্দোলনের নাম ব্যবহার করে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তার অভিযোগ, সরকার কখনো ১৯৭১ আবার কখনো সাম্প্রতিক গণআন্দোলনের নাম ব্যবহার করলেও কোনো আন্দোলনের মূল অঙ্গীকার বাস্তবায়ন করেনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যদি সংসদ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয় এবং জনগণের দাবি উপেক্ষা করা হয়, তবে তারা রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছেন।

সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ অনেকে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD