Logo

জুলাই সনদের প্রতিটি দফাকেই সম্মান করি: পার্থ

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
১২ এপ্রিল, ২০২৬, ১৯:৫৮
জুলাই সনদের প্রতিটি দফাকেই সম্মান করি: পার্থ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, জুলাই সনদের প্রতি তার দলের পূর্ণ সমর্থন রয়েছে এবং এর প্রতিটি দফাকেই সম্মান করি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বিরোধী মহল অযথা বিভ্রান্তি তৈরি করছে, যা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ভোলা শহরের উকিল পাড়ার শান্ত নীড় প্রাঙ্গণে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি ছিল তার পিতা, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

বিজ্ঞাপন

পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে এমনভাবে আলোচনা করা হচ্ছে যেন সরকার ও বিরোধী দলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে। অথচ তার দল স্পষ্টভাবে এই সনদকে মেনে চলে এবং সংবিধানের পাশাপাশি এর প্রতিটি ধারাকে সম্মান জানায়।

তিনি আরও বলেন, ‘আমরা এটা মানি না’—এমন অভিযোগ তুলে বিরোধী পক্ষ যে বক্তব্য দিচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি মনে করেন, ‘প্রতারণা’ শব্দটি রাজনৈতিক বক্তব্যে অতিরিক্ত কঠোর এবং এটি ব্যবহার না করে গঠনমূলক আলোচনায় আসা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সংলাপের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যারিস্টার পার্থ তার পিতার স্মৃতিচারণ করেন এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুম নাজিউর রহমান মঞ্জুরের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD