কনকচাঁপার ইস্যুতে দুঃখ প্রকাশ করে যে বার্তা দিল বিএনপি

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার বাধার মুখে পড়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দলটি।
বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ বিষয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, কনকচাঁপার সঙ্গে যারা অশোভন আচরণ করেছেন, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দলটির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
রিজভী আরও উল্লেখ করেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আন্দোলনে আহত হওয়া, বিশেষ করে গুলিবিদ্ধ হওয়া, ত্যাগ-তিতিক্ষা, শিক্ষাগত যোগ্যতা এবং সংগঠনের প্রতি অবদান—এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি জানান, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ৭২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৩০০টি মনোনয়নপত্র ইতোমধ্যে জমা পড়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই দলীয় অবস্থান স্পষ্ট করে দুঃখ প্রকাশ ও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিল বিএনপি।








