দ্বিতীয় দিনে ৫ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম দ্বিতীয় দিনের মতো অব্যাহত রেখেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার (১৮ এপ্রিল) এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
দ্বিতীয় দিনের এই সাক্ষাৎকার বোর্ডে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী নেত্রীরা কার্যালয়ে উপস্থিত হতে শুরু করেন, ফলে পুরো এলাকাজুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগে থেকেই নির্দিষ্ট কার্ড সংগ্রহ করেন। এদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
সাক্ষাৎকার শুরুর আগে প্রার্থীরা নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।
দলীয় তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হলেও জমা পড়েছে প্রায় ৯০০টি। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত হিসেবে দিতে হয়েছে।
বিজ্ঞাপন
বর্তমান সংসদে মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের জন্য ৩৬টি, তাদের মিত্র জামায়াতে ইসলামীসহ জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত রয়েছে।
দলটির নেতারা জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে, যাতে সংসদে নারীদের প্রতিনিধিত্ব আরও কার্যকর ও শক্তিশালী হয়।








