আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। ‘জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানকে সামনে রেখে দলটি ইনসাফ, নৈতিকতা এবং গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নীতি, লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
দলটির ঘোষিত আদর্শিক কাঠামোয় রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত—অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি ও সামাজিক উন্নয়ন—নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বিদেশি প্রভাবমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে ১৭ দফা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ আজাদ পার্টির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, তিনি দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। দলটি ইতোমধ্যে একটি নীতিনির্ধারণী উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটি গঠন করেছে বলে জানানো হয়েছে, যা পর্যায়ক্রমে জনসমক্ষে প্রকাশ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান উল্লেখযোগ্য।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট তানজিনা ফেরদৌস, অধ্যাপক আমেনা রহমান, চিকিৎসক নাবিলা নাদিয়া, ন্যাশনাল গণধারার কেন্দ্রীয় নেতা মাজহারুল ইসলাম শিহাব, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড কনক বড়ুয়া, গণতন্ত্রী পার্টির প্রতিনিধি শান্ত রাজু, ইনকিলাব মুভমেন্টের কমরেড মনিরুলসহ আরও অনেকে।








