অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ

অতীতে আওয়ামী লীগের রাজনৈতিক ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত কেউ এই দলে স্থান পাবেন না।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মীদের দলভুক্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না—তা এনসিপির জন্য মূল বিষয় নয়। তার মতে, বর্তমানে কেউ দলে যোগ দিলে তাকে এনসিপির আদর্শ ধারণ করে সংগঠনের কর্মী হিসেবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যারা দলের গঠনতন্ত্র মেনে দায়িত্বশীল ও মানবিক রাজনীতি গড়ে তুলতে আগ্রহী এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চান, তাদের সবার জন্য এনসিপির দরজা খোলা। জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ভবিষ্যতের রাজনীতি এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
নাহিদের ভাষ্য অনুযায়ী, নতুন যোগদানকারীরা অনেক দিন ধরেই একই আদর্শে বিশ্বাসী ছিলেন, শুধু প্ল্যাটফর্ম আলাদা ছিল। এখন তারা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছেন। তিনি দেশের তরুণ সমাজসহ সব বয়সী মানুষকে এনসিপিতে যুক্ত হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যারা স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বা গুরুতর অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের জন্য এনসিপিতে কোনো সুযোগ নেই।
দেশে যেন নতুন করে স্বৈরতন্ত্রের উত্থান না ঘটে, সে বিষয়ে তরুণদের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এনসিপির এই নেতা।








