Logo

এসএসসি পরীক্ষা ঘিরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাইলেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১৫:৩৩
এসএসসি পরীক্ষা ঘিরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাইলেন জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

সারা দেশে একযোগে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা। এবারে প্রায় ২০ লাখ শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে, যার মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে তিনি বলেন, জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাদের শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তার জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং সবার উজ্জ্বল ফলাফল কামনা করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে ডা. শফিকুর রহমান আরও বলেন, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বিদ্যুৎ বিভ্রাট হলে পরীক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হতে পারে, যা তাদের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি অভিভাবকদের প্রতিও আহ্বান জানান, পরীক্ষার্থীদের যাতায়াতের সময় যেন তারা বাড়তি সতর্কতা অবলম্বন করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে শিক্ষার্থীদের সহায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য সচেতন থাকার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ বজায় রেখে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। এতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে এবং মূল্যায়ন প্রক্রিয়াও স্বচ্ছ থাকবে।

সবশেষে, তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD