এসএসসি পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন জামায়াত আমির

এসএসসি, দাখিল ও সমমানের চলমান পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি মিরপুর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত পরীক্ষাকেন্দ্রগুলো ঘুরে দেখেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা যায়, পরিদর্শনের অংশ হিসেবে তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
কেন্দ্রগুলো ঘুরে দেখার সময় পরীক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করে তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন তিনি। একই সঙ্গে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও ভালো ফলাফলের জন্য দোয়া করেন। পরীক্ষা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে তিনি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
পরিদর্শন শেষে পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য স্থাপিত অস্থায়ী ছাউনি ও পানির ব্যবস্থাও ঘুরে দেখেন তিনি। সেখানে উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন। এ উদ্যোগের জন্য অভিভাবকরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানা গেছে।








