এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করল ইসি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্ত জানায় কমিশন।
বিজ্ঞাপন
মনিরা শারমিনের পক্ষে আইনজীবী নাজমুস সাকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনও খোলা রয়েছে বলে জানা গেছে।
এর আগে বুধবার (২২ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার প্রার্থিতা স্থগিত করে নির্বাচন কমিশন। সে সময় তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরকারি চাকরি থেকে পদত্যাগসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়।
বিজ্ঞাপন
রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, মনিরা শারমিন যে নথিপত্র জমা দিয়েছেন, সেখানে সরকারি পে-স্কেলের উল্লেখ রয়েছে। এ কারণে তার অবস্থান স্পষ্ট করতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন: রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
প্রাসঙ্গিক আইনি বিধান অনুযায়ী, সরকারি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর তিন বছরের মধ্যে কেউ সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারেন না বা এই পদে বহাল থাকতে পারেন না। মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দেন এবং প্রায় এক বছর চাকরি করার পর ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন।
বিজ্ঞাপন
এদিকে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন সংক্রান্ত আপিল দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।








