যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান রাজনৈতিক সহনশীলতা ও উন্মুক্ত চর্চার ওপর জোর দিয়ে বলেছেন, যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান তার বক্তব্যে উল্লেখ করেন, ছাত্র সংগঠন শিবির তাদের সব নেতাকর্মীকে প্রকাশ্যে আনতে দ্বিধাগ্রস্ত। তার মতে, এর পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে সরকারি চাকরির বিষয়টি। যেহেতু তাদের সংশ্লিষ্ট রাজনৈতিক দল এখনো ক্ষমতায় আসেনি, তাই প্রকাশ্যে সক্রিয় হলে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জটিলতার আশঙ্কা তৈরি হতে পারে—এমন ধারণা থেকেই তারা অনেককে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রাখছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সংগঠনের একটি অংশকে ক্ষমতাসীন বলয়ের মধ্যে সম্পৃক্ত রাখার অভিযোগও রয়েছে, যার মাধ্যমে তারা কিছু সুবিধা পাওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হয়। তবে এই কৌশল দীর্ঘমেয়াদে বিভ্রান্তি সৃষ্টি করছে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ ও অনিশ্চয়তা বাড়াচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, এই পরিস্থিতি শিক্ষাঙ্গনে একটি বড় ধরনের সংকট তৈরি করছে, যেখানে একজন শিক্ষার্থী প্রকৃতপক্ষে নিরপেক্ষ নাকি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত—তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।
রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে রাশেদ খান বলেন, বর্তমান প্রেক্ষাপটে উন্মুক্ত রাজনৈতিক চর্চা জরুরি। তিনি মনে করেন, গণআন্দোলনের পর দেশে এমন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে যোগ্যতা থাকলে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কথা নয়। তবে সেই পরিবেশ ধরে রাখতে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকারকে বিরোধী দল হিসেবে গঠনমূলক সহযোগিতা করার পরিবর্তে যদি সবসময় উত্তেজনাপূর্ণ বক্তব্য, হুমকি কিংবা সংঘাতমুখী রাজনীতি করা হয়, তাহলে তা সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।
সবশেষে তিনি সতর্ক করে বলেন, সহনশীলতা ও ভারসাম্যপূর্ণ রাজনৈতিক আচরণ না থাকলে বর্তমান পরিস্থিতি এমন দিকে গড়াতে পারে, যা অনাকাঙ্ক্ষিত শক্তির পুনরায় সক্রিয় হওয়ার পথ তৈরি করবে।








