সংসদ এলাকা থেকেই লোডশেডিং শুরু হোক: বিরোধীদলীয় নেতা

দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঘোষিত লোডশেডিং কার্যক্রম জাতীয় সংসদ ভবন এলাকা থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, সাধারণ মানুষের দুর্ভোগে অংশীদার হতে হলে সংসদকেও এ ব্যবস্থার আওতায় আনা উচিত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে লোড ম্যানেজমেন্ট কার্যক্রম ঢাকায় চালুর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সংসদ ভবন এলাকা থেকেই বাস্তবায়ন করা উচিত। রাজধানীর অন্যান্য স্থানে যদি নির্দিষ্ট সময় বিদ্যুৎ না থাকে, তবে সংসদ এলাকাও তার বাইরে থাকা উচিত নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে জনগণের কাছে একটি বার্তা যাবে যে, রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলরা সাধারণ মানুষের কষ্টকে গুরুত্ব দিচ্ছেন এবং সবাইকে সমানভাবে বিবেচনা করা হচ্ছে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেন, সংসদ অধিবেশন সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। জবাবে ডা. শফিকুর রহমান ব্যাখ্যা দেন, তিনি অধিবেশন চলাকালীন সময়ের কথা বলেননি; বরং সংসদ ভবনের অন্যান্য সময়ের কার্যক্রমে লোডশেডিং অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন।
বিজ্ঞাপন
এদিন বিদ্যুৎ খাতের সংকট সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে তিনি বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করেন।
প্রস্তাবিত সদস্যরা হলেন— সাইফুল আলম খান (ঢাকা-১২), নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), আব্দুল বাতেন (ঢাকা-১৬), মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং মুফতি মাওলানা আবুল হাসান (সিলেট-৫)।








