বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ হলে কমবে ১২০ কিমি, সময় বাঁচবে ৪ ঘণ্টা

বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেললাইন নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে বলে জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তার মতে, এই রেলপথ চালু হলে প্রায় ১২০ কিলোমিটার দূরত্ব কমবে এবং যাত্রীদের অন্তত চার ঘণ্টা সময় সাশ্রয় হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও ভোগান্তির মধ্যে রয়েছে। বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ঢাকার সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ জটিল হয়ে আছে। বর্তমানে বগুড়া যেতে হলে সরাসরি কোনো রেলপথ না থাকায় যাত্রীদের নওগাঁ, নাটোর ও পাবনা হয়ে ঘুরপথে যেতে হয়, ফলে দূরত্ব ও সময় দুটোই বেড়ে যায়।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, বর্তমানে ঢাকা থেকে বগুড়ার রেলপথের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। কিন্তু বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেললাইন চালু হলে এই দূরত্ব কমে প্রায় ২৮০ কিলোমিটারে নেমে আসবে। একইভাবে, ঢাকা থেকে রংপুরের যাত্রাপথও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
সংসদ সদস্য আরও জানান, প্রস্তাবিত রেললাইনটির দৈর্ঘ্য হবে আনুমানিক ৭০ থেকে ৮০ কিলোমিটার। কিন্তু এই স্বল্প দৈর্ঘ্যের রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের লাখো মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও ত্বরান্বিত হবে।
তিনি বলেন, বহু বছর ধরে এই প্রকল্পের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। জমি অধিগ্রহণের কথা বলা হলেও প্রকল্পটি কবে বাস্তবায়নের পথে যাবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।
বিজ্ঞাপন
আখতার হোসেন আরও বলেন, উত্তরাঞ্চলের কৃষিপণ্য দ্রুত রাজধানীতে পৌঁছাতে পারলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন। বর্তমানে অতিরিক্ত দূরত্বের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ে পণ্যের দামে। এই রেললাইন চালু হলে ভাড়া, সময় ও জ্বালানি খরচ—সবই কমে আসবে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার নির্বাচনী এলাকার কাউনিয়া ও পীরগাছা রেলস্টেশনসহ সংশ্লিষ্ট অবকাঠামো আধুনিকায়নের পাশাপাশি দ্রুত বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া উচিত।
বিজ্ঞাপন
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা—রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট ও বগুড়ার মানুষের জন্য এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।








