Logo

ইসিতে আপিল খারিজ, বাতিলই থাকছে মনিরা শারমিনের প্রার্থিতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৪:২৬
ইসিতে আপিল খারিজ, বাতিলই থাকছে মনিরা শারমিনের প্রার্থিতা
মনিরা শারমিন | ফাইল ছবি

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থী হতে না পারার পরিস্থিতি থেকে আর বের হতে পারলেন না জামায়াত-এনসিপি সমর্থিত ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী মনিরা শারমিন। তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি), ফলে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন এ সিদ্ধান্ত নেয়। শুনানি শেষে তার আবেদন গ্রহণযোগ্য মনে না হওয়ায় আগের সিদ্ধান্তই কার্যকর রাখা হয়।

এর আগে যাচাই-বাছাইয়ের সময় সরকারি চাকরি ছাড়ার পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়াকে কারণ দেখিয়ে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে ইসি। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি রবিবার (২৬ এপ্রিল) বিকেলে আপিল করেন এবং পরদিন শুনানির জন্য সময় পান।

বিজ্ঞাপন

শুনানির আগে মনিরা শারমিন অভিযোগ করেন, তার সঙ্গে নির্বাচন কমিশনের আচরণ ছিল বৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট। তবে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তে তার সেই অভিযোগের কোনো প্রভাব পড়েনি।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোট থেকে জমা দেওয়া একটি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রই বৈধ হিসেবে গৃহীত হয়েছে। অন্যদিকে ১১-দলীয় ঐক্য জোটের জমা দেওয়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে দুটি বাতিল করা হয়েছে, যার একটি মনিরা শারমিনের।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ছিল ২৬ এপ্রিল। ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD