প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মনিরার আপিল, শুনানি সোমবার

সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশন (ইসি)-এ আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার বিরুদ্ধে পদত্যাগ সংক্রান্ত অভিযোগ দাখিল করেছেন ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমা।
বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) ছিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন। এদিন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
ইসি সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন রয়েছেন।
বিজ্ঞাপন
তবে সরকারি চাকরি ছাড়ার পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি আগে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক-এ অফিসার (জেনারেল) পদে কর্মরত ছিলেন। ২০২৩ সালের নভেম্বরে যোগ দিয়ে ২০২৪ সালের ডিসেম্বরে চাকরি ছেড়ে দেন। প্রচলিত আইনে সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর না পেরোলে সংসদ নির্বাচনে অংশ নেওয়া যায় না।
এ বিষয়ে মনিরা শারমিন সাংবাদিকদের জানান, প্রার্থিতা পুনর্বহালের আশায় তিনি আপিল করেছেন এবং সোমবার সকাল সাড়ে ১০টায় শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিএনপি প্রার্থী মাধবী মারমার বিরুদ্ধে পদত্যাগ না করেই মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ তুলেছেন চন্দ্রা চাকমা। তিনি দাবি করেন, আইন অনুযায়ী পদত্যাগপত্র জমা না দিয়ে প্রার্থী হওয়া অবৈধ।
বিজ্ঞাপন
তবে এই অভিযোগ নাকচ করে মাধবী মারমা বলেন, তিনি আগেই পদত্যাগ করেছেন এবং তা অনুমোদিত হয়েছে। এরপরই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দাবি করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








