ডুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিজ্ঞাপন
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সম্প্রতি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়োগের পরপরই ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী নিয়োগ বাতিল করে ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধে নামে বলে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ একটি প্রচলিত প্রক্রিয়া হলেও এই বিষয়টিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করা হচ্ছে। বিদায়ী প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতমূলক নিয়োগসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে বলা হয়, কিছু পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
সংগঠনটির দাবি, গত কয়েক দিন ধরে আন্দোলনের নামে ডুয়েটে শিক্ষা কার্যক্রম ব্যাহত করা হয়েছে এবং আজ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে ক্যাম্পাসে সংঘর্ষময় পরিবেশ সৃষ্টি হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।








