স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যকে ইসলামী বিচারব্যবস্থার অবমাননা বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) দুপুরে এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞার শামিল। দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এমন বক্তব্য ইসলামী শরিয়া আইনের প্রতি চরম অসম্মান প্রদর্শন করে।
বিজ্ঞাপন
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারিভাবে ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়া বিরোধী আইন না করার’ কথা বলা হলেও বাস্তবে শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দেওয়া দ্বিচারিতার প্রকাশ। এটি সরকারের আদর্শিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলে।
তিনি দাবি করেন, এ ধরনের মন্তব্য দেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত দ্রুত তার বক্তব্য প্রত্যাহার করা।








