Logo

রামিসা হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৫:৩৩
রামিসা হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
ছবি: সংগৃহীত

ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত বিচার শেষ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

স্ট্যাটাসে নাসির উদ্দিন নাসির বলেন, প্রতিদিনের মতোই ওইদিন সকালে রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু দিনটি শেষ হয় তার নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তিনি বলেন, “রামিসা আমাদের বোন, আমাদের কন্যা। সকালেই তার স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু পল্লবীর একটি ফ্ল্যাটে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ঘটনা দেশের সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। শিশুরাই যদি নিরাপদ না থাকে, তাহলে সমাজের অন্যদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এ ঘটনায় প্রধান অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

নাসির উদ্দিন নাসির আরও বলেন, সামাজিক অবক্ষয় রোধে শুধু রাষ্ট্র নয়, পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও নৈতিক শিক্ষা বিস্তারে দায়িত্ব নিতে হবে।

বিজ্ঞাপন

তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতার দুটি লাইন উদ্ধৃত করে লেখেন— “এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”

শেষাংশে তিনি বলেন, আর কোনো শিশু যেন রামিসার মতো নির্মম ঘটনার শিকার না হয়, তা নিশ্চিত করতে রাষ্ট্র, সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তিনি রামিসা হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD