শেষ ইচ্ছায় ভোলার মাটিতে চিরনিদ্রায় সমাহিত হচ্ছেন তোফায়েল আহমেদ

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলা ভোলাতেই দাফন করা হচ্ছে। মঙ্গলবার সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানান, জীবিত অবস্থায় তিনি বারবার নিজের জন্মভূমি ভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ভোলার মানুষের সঙ্গে তাঁর গভীর আত্মিক সম্পর্ক ছিল।
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর হক বাহালুল মোল্লা জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে মঙ্গলবার মরদেহ ভোলায় নেওয়া হবে। দুপুর ২টায় ভোলা সরকারি জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মরদেহ নিজ গ্রাম কোড়ালিয়ায় নেওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
বিজ্ঞাপন
তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে ডা. তাসলিমা আহমেদ জামান মুন্নী বলেন, তাঁর বাবা সারাজীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। বিশেষ করে ভোলার মানুষের প্রতি তাঁর ছিল গভীর টান ও ভালোবাসা। জন্মভূমির মাটিতে সমাহিত হওয়ার যে ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন, পরিবার সেই ইচ্ছাই বাস্তবায়ন করছে।








