Logo

মারা গেছেন আওয়ামী লীগের সাবেক মেয়র আনিছুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১৯:৪৪
মারা গেছেন আওয়ামী লীগের সাবেক মেয়র আনিছুর রহমান
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) দুপুরে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর জানার পর হৃদরোগে আক্রান্ত হয়ে বড় বোন রাশিদা বেগমও মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন আনিছুর রহমান। অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবারের সদস্য জাহিদুল আলম রবিন।

তিনি জানান, আনিছুর রহমানের মরদেহ সোমবার (৮ জুন) সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

আনিছুর রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর কলেজের ভিপি নির্বাচিত হন। ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর তিনি প্রথম মেয়র নির্বাচিত হয়ে পরবর্তীতে টানা চারবার দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন পৌরসভার মেয়রদের অপসারণের সময় তাকে দায়িত্ব থেকে সরানো হয়। এরপর থেকে তিনি রাজধানীসহ বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রীপুরসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD