Logo

বিভাজন নয়, উদার গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৮:৩৮
বিভাজন নয়, উদার গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে এবং দেশে সেই গণতন্ত্রকে আরও সুসংহত করতে চায়। বিভাজনের রাজনীতি নয়, বরং স্বাধীনতার মূল আদর্শকে শক্তিশালী করাই বিএনপির লক্ষ্য।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর সার্কিট হাউজ রোডে পিআইবি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে দেশের জনগণ সচেতন সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন মহল ও গণমাধ্যমের একটি অংশ ভিন্ন ধরনের ধারণা তৈরির চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভোটাররা বিএনপির পক্ষেই আস্থা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যাকে একসময় অনেকে অবজ্ঞাভরে ‘অখ্যাত মেজর’ বলে উল্লেখ করতেন, সেই জিয়াউর রহমানই দেশের সংকটময় মুহূর্তে চট্টগ্রাম থেকে স্বাধীনতার পক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তখন গোটা জাতি পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অপেক্ষায় ছিল।

বিএনপি মহাসচিবের ভাষ্য, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় কেবল একটি রাজনৈতিক দলের পক্ষে ছিল না; সেটি ছিল পাকিস্তান থেকে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সেই চেতনার ধারাবাহিকতাই মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়েছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের মধ্যেও একই দর্শন প্রতিফলিত হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, স্বাধীনতার পর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পরিস্থিতিতে জিয়াউর রহমান নেতৃত্বে আসেন। সে সময় তিনি বিভক্তির পরিবর্তে বিভিন্ন রাজনৈতিক মত ও শক্তিকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেন। ফ্রন্ট, জাগদল এবং পরবর্তীতে বিএনপি গঠনের মাধ্যমে জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, জিয়াউর রহমান বাংলাদেশকে কোনো দেশের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাননি। বরং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নীতি অনুসরণ করেছিলেন। তার জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল দেশের মানুষকে আত্মনির্ভরশীল ও মর্যাদাবান জাতি হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখানো। মানুষের আকাঙ্ক্ষা ছিল স্বাধীন ও স্বাভিমানী বাংলাদেশ, যা কোনো ধরনের আধিপত্যের অধীন থাকবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD