Logo

ছায়া মন্ত্রিসভা প্রস্তুত, সময় এলে প্রকাশ করবো: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ২০:০০
ছায়া মন্ত্রিসভা প্রস্তুত, সময় এলে প্রকাশ করবো: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দলটির ছায়া মন্ত্রিসভা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। উপযুক্ত সময় এলে সেই তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। যদিও এর সাংবিধানিক স্বীকৃতি নেই, তবে বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে এমন ব্যবস্থা প্রচলিত রয়েছে। সময় উপযোগী হলে দলটি আনুষ্ঠানিকভাবে সেই ছায়া মন্ত্রিসভার সদস্যদের পরিচয় প্রকাশ করবে।

বিজ্ঞাপন

সংসদের কার্যক্রম নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সংসদকে কেবল বক্তব্য বা আনুষ্ঠানিকতার জায়গা হিসেবে নয়, বরং জনগণের সমস্যা ও তার বাস্তবসম্মত সমাধান নিয়ে কার্যকর আলোচনা করার একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান। দেশের স্বার্থে একটি স্থিতিশীল ও কার্যকর সংসদ অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সরকার গণভোটের ফল বাস্তবায়ন না করায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। তার দাবি, জামায়াত ও বিএনপি—উভয় দলই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। তবে সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে দুই দলের অবস্থানে পার্থক্য ছিল।

তিনি বলেন, জামায়াত নিয়ম মেনে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেও বিএনপি তা করেনি। বিএনপির যুক্তি ছিল, সংবিধানে এ ধরনের শপথের বিধান নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের বিষয়েও সংবিধানে আগে কোনো বিধান ছিল না, অথচ সেই সরকারের অধীনেই অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিএনপি আজ ক্ষমতায় এসেছে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তার ভাষায়, সেই জনমতকে উপেক্ষা করে বিএনপি ভোটারদের মতামতকে যথাযথ গুরুত্ব দেয়নি।

তিনি অভিযোগ করেন, সংসদে গণভোটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করা হলেও বিরোধী দল হিসেবে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়েই রাজনৈতিক পরিবর্তনের সূচনা হলেও সংসদে বিরোধী দল এখনও বৈষম্যের শিকার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াতের আমির বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে তাদের দল সরে আসেনি। সংসদের পাশাপাশি রাজপথেও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সরকার শেষ পর্যন্ত জনগণের রায়কে সম্মান জানাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকার বেশ কয়েকটি অধ্যাদেশ বাতিল করেছে। তবে জনগণ কেবল আংশিক সংশোধন নয়, বরং কাঠামোগত সংস্কারের পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমানের ভাষ্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তার আশা, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়িত হলে দেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। অন্যথায় ভবিষ্যতে দেশকে আবারও সংকটের মুখোমুখি হতে হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD