Logo

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ১৪:২৭
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারকে আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর খুলে না দেওয়া হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করে এটি খুলে দেবে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের প্রসঙ্গ তুলে এনসিপি আহ্বায়ক বলেন, কেবল আনুষ্ঠানিকতা বা প্রতীকী কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করলেই দায়িত্ব শেষ হবে না। তিনি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সামনে থাকলেও সরকার এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে এবং গণঅভ্যুত্থানের স্মৃতি ও অর্জন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেবে।

এ সময় ১৪-দলীয় জোটের নেতা হাসানুল হক ইনুর প্রসঙ্গও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ইনু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন। তার বিরুদ্ধে ঘোষিত ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করে তিনি বলেন, আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত বলে তারা প্রত্যাশা করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD