খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে

খুচরার অভাবে নিম্নস্তরের প্রতিটি সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে ৮০ পয়সা বেশি দামে কিনতে হচ্ছে বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তার মতে, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। বিষয়টি সমাধান করা গেলে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমির হামজা বলেন, বাজেট তখনই কার্যকর হবে, যখন তা যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে বর্তমান পরিস্থিতিতে সরকারের নির্ধারিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন কঠিন বলে তিনি মনে করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাজেটের আকার যদি ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হতো, তাহলে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের চাপ এড়ানো যেত।
বাজেট আলোচনায় তিনি কিছু পণ্যের মূল্য পুনর্বিবেচনারও পরামর্শ দেন। সিগারেটের উদাহরণ তুলে ধরে বলেন, নিম্নমানের একটি সিগারেটের সরকারি মূল্য ৬ টাকা ২০ পয়সা হলেও খুচরা টাকার অভাবে ক্রেতাদের ৭ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ফলে অতিরিক্ত ৮০ পয়সা সরকারের কোষাগারে না গিয়ে অন্যত্র চলে যাচ্ছে।
বিজ্ঞাপন
তিনি সরকারের প্রতি এ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, মূল্য নির্ধারণ বা খুচরা টাকার সমস্যার সমাধান করা গেলে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হতে পারে।








